সিলেটে করোনা পরীক্ষা করতে বলায় হাসপাতাল থেকে সৌদি ফেরত নারী উধাও

0
152

সিলেটে সৌদি ফেরত এক নারী জ্বর নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে যান। পরে কর্তব্যরত ডাক্তাররা তার রোগের বিস্তারিত তথ্য শুনে ‘করোনাভাইরাস’ সন্দেহ করেন।একই সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিয়ে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করানো জন্য লিখে দেন। তিনি পরীক্ষা করানোর কথা বলে হাসপাতাল থেকে উধাও হয়ে গেছেন। পরে ডাক্তাররা অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে সিলেটের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন।

মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

তবে পরে খোঁজ নিয়ে সিভিল সার্জন অফিসের লোকজন ওই নারীর বাসায় গিয়ে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করলেও তিনি রাজি হননি বলে প্রেমানন্দ জানান।

সিভিল সার্জন বলেন, ১০ থেকে ১২ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার ৭০ বছর বয়সী ওই নারী।

মঙ্গলবার সকালে জ্বর নিয়ে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। সেখানে তার লক্ষণ দেখে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন জরুরি বিভাগের চিকিৎসকরা।

প্রেমানন্দ বলেন, এ সময় তাকে কয়েকটি পরীক্ষা করিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তারা। কিন্তু পরীক্ষা করিয়ে আনার কথা বলে ওই নারী হাসপাতাল থেকে উধাও হয়ে যান।

সিভিল সার্জন বলেন, হাসপাতাল থেকে বিষয়টি অবহিত হয়ে আমরা ওই নারীর বাড়িতে যোগাযোগ করি। আমরা তাকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতার জন্য শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার অনুরোধ করি; কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। পরবর্তীতে তাকে বাড়িতেই ‘সেলফ কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, বুধবার (১১ মার্চ) আবারও ওই নারীর সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নেয়া এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা চালানো হবে।

LEAVE A REPLY