সৌদি আরবগামী ৬৮ বাংলাদেশিকে বাহরাইন দেশে ফিরতে হচ্ছে। ট্রানজিট হিসেবে বাহরাইন হয়ে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে যাতায়াত বন্ধ করায় বাহরাইন বিমানবন্দরে আটকা পড়েছেন তারা । সেখান থেকেই তাদের দেশে ফিরতে হচ্ছে।
ওই ৬৮ যাত্রীর মধ্যে ৬২ জন পুরুষ ও ৬ জন নারী। তাঁদের মধ্যে ১৫ জন নতুন ভিসায় ও ৫৩ জন দেশে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।
গত সোমবার ট্রানজিট যাত্রী হিসেবে বাহরাইনে অবতরণ করেন ওই ৬৮ যাত্রী। সেখান থেকে আরেকটি ফ্লাইট ধরে তাদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা বাহারাইনে পৌঁছার আগেই ওই দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় সৌদি আরব। যে কারণে কর্মস্থল সৌদিতে যেতে পারছেন না তারা।।
এ বিষয়ে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, আটকে পড়া ৬৮ যাত্রীর মধ্যে ৬২ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ১৫ জন নতুন ভিসায় ও ৫৩ জন দেশে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন।সৌদি আরব যেতে না পেরে এসব যাত্রীদের বাংলাদেশে ফেরত আসতে হচ্ছে। এদের মধ্যে কয়েকজন যাত্রীকে সোমবারই গালফ এয়ারে করে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাকিদের মঙ্গলবার রাতের ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হবে।’
সৌদিগামী এই ৬৮ যাত্রীর ভবিষ্যত কি হবে সে প্রশ্নে রিয়াদে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহর জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করেছে সৌদি আরব। কিন্তু বাংলাদেশ থেকে এখনো ফ্লাইট বন্ধ হয়নি। তাই তাদের সৌদি আরবে আসতে হলে ফের বাংলাদেশে চলে যেতে হবে এবং সরাসরি ঢাকা হতে সৌদি আরব ফ্লাইট ধরতে হবে।
এ ক্ষেত্রে কারও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহর।
প্রসঙ্গত, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর পর দেশটি বেশ সতর্ক অবস্থান দিয়েছে। ওমরাহ ভিসা বন্ধ করেছে। পবিত্র মক্কা প্রবেশ সীমিত করে বাইতুল্লাহের মাতাফে প্রবেশ সাময়িক নিষিদ্ধ করেছে। মাতাফ জীবাণু মুক্ত করা হয়েছে সেখানে। এসবের পাশাপাশি করোনাভাইরাস প্রবেশ ঠেকাতে বাহরাইনসহ ১৪ টি দেশ হতে সব ধরনের আকাশপথ, স্থলপথ ও নৌপথে যোগাযোগ স্থগিত করেছে দেশটি।












