ইতালিতে করোনায় একদিনে ১৬৮ জনের মৃত্যু

0
117

ইতালিতে করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ১৬৮ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩১ জন।

মঙ্গলবার (১০ মার্চ) বিবিসি তাদের এক সংবাদে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে আরও প্রায় ১ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের অধিক।

দুই সপ্তাহের বেশি সময় আগে ইতালিতে করোনার সংক্রমণ ঘটে। তবে এত অল্প সময়ের মধ্যেই দেশটিতে ব্যাপক হারে মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে একদিনে সর্বোচ্চ ১৩৩ জনের মৃত্যু হয়েছিল ইতালিতে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬৩১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতেই ঘটেছে। চীনে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে এলেও ইতালিতে তা ক্রমেই মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে বিভিন্ন বিমান সংস্থা আগামী কয়েক সপ্তাহের জন্য ইতালিতে ফ্লাইট স্থগিত করেছে।

এছাড়া ইতালির প্রতিবেশী দেশগুলো তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপের অনেক দেশ স্কুল বন্ধসহ জনসমাগম ঘটে এমন অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। এর আগে করোনার বিস্তার ঠেকাতে পুরো ইতালিকে অবরুদ্ধ ঘোষণা করে দেশটির সরকার। এতে কার্যত গৃহবন্দি হয়ে পড়ে দেশটির ৬ কোটি মানুষ।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৪২৮৮ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছে এক লাখ ১৭ হাজার ৭১৫ জন। তবে আক্রান্তদের বেশিরভাগ সুস্থ হয়ে উঠছেন। এখন পর্যন্ত ৬৫ হাজার ৮৯৩ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

LEAVE A REPLY