প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা যারা এতিম, তারা একা নও। যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের পাশে আমি আছি। তোমাদের ব্যথা আমরা বুঝি। আমিও একদিন ঘুম থেকে উঠে শুনি আমার বাবা-মা-ভাইসহ কেউ নেই।।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তোমাদের একটি কথা বলতে চাই, তোমরা অনাথ এবং অসহায় নও, তোমরা আমার অত্যন্ত কাছের এবং আপনজন। আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে সব সময় তোমাদের পাশে দাঁড়িয়েছে এবং যত দিন আমি বেঁচে আছি, তত দিন আমি তোমাদের পাশে আছি।’ তিনি আরও বলেন, ‘তোমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করাই আমার সব সময়ের প্রচেষ্টা।
শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে ৫০ হাজারবার কোরআন খতম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন এতিম খানা ও সরকারি শিশু পল্লী থেকে শিশুরা মোনাজাতে অংশ নেয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭৫–এর ১৫ আগস্ট তাঁর পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের নিহত হওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা এতিমদের বেদনা খুব ভালোভাবে অনুভব করতে পারি। কারণ, আমরা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এতিম হয়েছি। তোমরা একেবারে একা না। আমরা আছি তোমাদের পাশে। আমি এবং আমার ছোট বোন (শেখ রেহানা) সব সময় তোমাদের কথা চিন্তা করি,’ বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মুজিব বর্ষ এবং জাতির পিতার ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের ৮৫টি শিশু পরিবার এবং ছয়টি ‘শিশু নিবাসের শিশুদের দ্বারা ৫০ হাজার বার কোরআন খতম উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে দেওয়া ভাষণে এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ মূল অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে বক্তৃতা করেন। প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। সমাজকল্যাণসচিব জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু পরিবারের দুই খুদে সদস্য সামিয়া আখতার ও বিজয় ইসলামও বক্তৃতা করে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জ্বল হোসেন মিয়া এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় অন্যদের মধ্যে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।












