বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তমকে (সি আর দত্ত) শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। আজ(১ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে তার মরদেহের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তের মরদেহ আনার পর সেনাবাহিনীর একটি দল সামরিক কায়দায় স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান। গার্ড অব অনার দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডারের কফিনে ফুলেল শ্রদ্ধা জানায় বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে সি আর দত্তের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সি আর দত্ত ।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার। তিনি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহ সভাপতি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
মঙ্গলবার সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় পতাকায় মুড়ে সি আর দত্তের কফিন নিয়ে যাওয়া হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলামের উপস্থিতিতে এই মুক্তিযোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান।












