নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় এপর্যন্ত মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), সাব্বির (২২), জুয়েল (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারী (৭২), কাঞ্চন হাওলাদার ও রাশেদ, মাইনুদ্দিন-(১২), রাসেল-(৩৪), মোঃ বাহাউদ্দীন (৫৫)। এই পর্যন্ত মোট ২২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতদের শ্বাসনালী পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদের অবস্থাও সংকটাপন্ন।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, এ দুর্ঘটনায় প্রধানমন্ত্রী সবসময় খোঁজ খবর নিচ্ছেন। তিনি দুঃখ প্রকাশ করে দগ্ধদের বাঁচাতে সর্বাত্তক চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের যা যা সুযোগ-সুবিধা আছে, সব ব্যবহার করে আমরা চেষ্টা করছি; বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। সবাইকে বলব, আহতদের জন্য দোয়া করবেন।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১২টার দিকে জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল নামের এক শিশুর প্রথমে মৃত্যু হয়। এরপর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ১৫ জনের মৃত্যু হয়। বাকি ২১ জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন ডা. সামন্তলাল সেন।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া শোকবার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতাও তিনি কামনা করেছেন।












