১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলায় রিমান্ডে থাকা আটজনের মধ্যে প্রধান আসামি সাইফুর রহমানসহ ছাত্রলীগকর্মী রবিউল ইসলাম ও অর্জুন লস্কর ।
পাঁচদিনের রিমান্ড শেষে শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে আসামিদের আদালতে নিয়ে আসে পুলিশ। এরপর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অর্জুন ও সাইফুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন অতিরিক্ত মুখ্য মহানগর বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমান। এছাড়া মামলার পাঁচ নম্বর আসামি রবিউলের জবানবন্দি গ্রহণ করেন মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুর রহমান।
মামলার চার নম্বর আসামি অর্জুন লস্কর ও মামলার প্রধান আসামি সাইফুর রহমান ওই নারীকে ধর্ষনের কথা স্বীকার করেন। এছাড়া রবিউল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তিনি সরাসরি ধর্ষণে অংশ নেননি। তবে তিনি দুজনকে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে নিয়ে যায় বলে স্বীকার করেন।
তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, রিমান্ড শেষে শুক্রবার বিকেলে সাইফুর, অর্জুন ও রবিউলকে আদালতে হাজির করানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে আদালতের বিচারক তাদের জবানবন্দি রেকর্ড (নথিভুক্ত) করার পর তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।












