নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার, বাড়িতে র‌্যাবের তল্লাশি

0
123

গতকাল রবিবার রাজধানীর ধানমণ্ডি এলাকায় নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের অভিযোগে মামলা হওয়ার পর সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান সোমবার সকাল পৌনে ৮টার দিকে হাজী সেলিমের ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করেন। এ মামলায় এর আগে গাড়ির চালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলায় হাজী সেলিমের ছেলে ও মিজানুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি দুইজন হলেন- প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দিপু ও মোহাম্মদ জাহিদ। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও দুইজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় কলাবাগান ক্রসিংয়ের কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন।

এদিকে রাজধানীর লালবাগে হাজী সেলিমের বাসায় তল্লাশি চালাচ্ছে র‌্যাব। পুরান ঢাকার চকবাজারের ৩০ নম্বর দেবিদাস ঘাট লেনের ওই বাড়িতে সোমবার (২৬ অক্টোবর) দুপুরের পর অভিযান শুরু হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, র‍্যাব-১০ এর একটি দল লালবাগে হাজী সেলিমের বাসায় তল্লাশি চালাচ্ছে । শেষ খবর পাওয়া পর্যন্ত বাসা থেকে মদ, আগ্নেয়াস্ত্র ও ওয়াকিটকি সদৃশ ডিভাইস পাওয়া গেছে।

LEAVE A REPLY