১৯৯৯ সালে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রাম আদালত।এ রায়ে ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। চট্রগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত আজ এই আদেশ দেন।
আমজাদ হোসেনের স্ত্রী ও মামলার বাদী সৈয়দা রওশন আক্তার বলেন, ‘স্বামী হত্যার বিচার চেয়ে ২১ বছর ধরে অপেক্ষা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়ে আমি আনন্দিত। আমি আর কিছু চাই না।’
১৯৯৯ সালের ৪ অক্টোবর রাত ১২টায় সাতকানিয়া থানার মির্জাখীল বাংলাবাজার এলাকার চায়ের দোকানে বসে কথা বলার সময় আওয়ামী লীগ নেতা ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী সৈয়দা রওশন আক্তার। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আসামিদের মধ্যে রয়েছে- নেজাম উদ্দিন, মো. ইদ্রিস, জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, ফারুক আহমদ, হারুনুর রশিদ, জিল্লুর রহমান, রফিক, ইমতিয়াজ প্রকাশ মানিক ও তাহের। মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী মারা যান।












