পদ্মা সেতুর ওপর দিয়ে ২০২২ সালে যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার সকালে রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। খবর বাসস
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধুর কন্যারই রয়েছে। তা তিনি প্রমাণও করেছেন। পদ্মাসেতু নির্মাণে কোনো প্রকার অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। ২০২২ সালে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে বলে জানান তিনি।
তিনি বলেন, বিএনপি দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে। এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে।
সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই আর্থ-সামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ। পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়। তারা এখন বাংলাদেশ হতে চায়। এখানেই একজন মুজিবের আজন্ম সংগ্রামের সফলতা এবং অর্জন। শেখ হাসিনার ‘ম্যাজিক্যাল লিডারশিপ, ক্যারিশমেটিক সিদ্ধান্ত মেকিং’ -এ বাংলাদেশ আজ বিশ্বসভার বিস্ময়।
তিনি বলেন, বিনা যুদ্ধে জয় করেছেন সুনীল সমুদ্র সীমা, লাখো কোটি তরুণের প্রাণে এখন আত্মমর্যাদা বোধের নবস্বপ্ন । খাদ্য ঘাটতির দেশ এখন অর্জন করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। বন্যা, খরা, মঙ্গা, ঘূর্ণিঝড়ের বাংলাদেশ আজ পারমাণবিক বিশ্বের গর্বিত সদস্য।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।












