স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
তিনি বলেন, গণতন্ত্র একদিনের মহীরুহ রূপে রূপান্তরিত হয় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। তাই দল-মত নির্বিশেষে সব অংশীজনের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা ও উসকানিদাতা নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বিশেষ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।












