আয়কর ফাঁকি ও ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১১ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ (২৮ ডিসেম্বর) পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে এই মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন মামলার যাবতীয় নথিপত্র না পাওয়ায় শুনানির প্রস্তুতি গ্রহণ করতে পারেননি জানিয়ে সময়ের আবাদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
এ মামলার অন্য আসামীরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।
আসামিদের মধ্যে দেলোওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পলাতক রয়েছেন। অপর তিন আসামি জামিনে আছেন।
অপর দিকে ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে ২০১১ সালের ১৯ আগস্ট সাঈদীর বিরুদ্ধে আরেকটি মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরের বছরের ১৫ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠন করেন আদালত।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ালি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে, ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর তখনকার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।












