নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ বছরের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বড় বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
জানা গেছে, সকাল ১০টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা অনেক স্থানে খোঁজ করার পর পুরিন্দা এলাকার নান্নু মিয়ার ঘর তালাবদ্ধ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সেখানে শিশুটির মরদেহ পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, পুরিন্দা গ্রামের নান্নু মিয়ার বাড়িতে চারজন ভাড়া থাকেন। তারা বিভিন্ন কারখানায় কাজ করেন। ঘটনার দিন ২ জন নিজেদের কাজে যান। অপর দুইজন শরীর ভাল না বলে ঘরেই থাকেন। স্থানীয়দের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং সেই সন্দেহ থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছেন তারা।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।











