শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
থাপ্পড়ের ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন। বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে থাপ্পড়সহ লাঞ্ছিতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই মামলায় শাহানশাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহনেওয়াজ শাহানশাহকে জামালপুরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রকাশ্যে তার গালে চড় দেন। এ ঘটনায় শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এবং দেওয়ানগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ মেয়রের নাম ৫ নম্বরে ডাকায় ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রকাশ্যে তার গালে চড় মারেন মেয়র। অফিসার্স ক্লাবের পরে তাকে ফুল দিতে ডাকায় তিনি এ কাজ করেন বলে জানা যায়।












