গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হলো।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের। একই সময়ে এ নিয়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে পৌঁছেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। ময়মনসিংহ বিভাগে ৩ জন ও সিলেট ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। এতে আরও বলা হয়েছে, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৯৯৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।












