‘জাতীয় পাট দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দিল সরকার।
এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সোনালি আশেঁর সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।
রোববার বিকেলে জাতীয় পাট দিবস উপলক্ষে জুট ডাইভারসিফেকশন প্রমোশন সেন্টার-জেডিপিসি চত্বরে ৬-৮ মার্চ তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক এ মেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ জুট মিল করপোরেশন-বিজেএমসির সাময়িক বন্ধ থাকা মিলগুলো অবসায়নের পর সরকারের নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে নরসিংদীর বাংলাদেশ জুটমিল এবং চট্টগ্রামের কেএফডি জুট মিলস ভাড়াভিত্তিক ইজারা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়াও আরও দুটি জুট মিলের লিজ প্রদান প্রক্রিয়া চলমান রয়েছে। অবশিষ্ট ১৩টি মিল লিজ প্রদানের জন্য দ্বিতীয়বারের মতো ‘এক্সপানশন অব ইন্টারেস্ট’ আহ্বান করা হয়েছে।
আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে আরও কিছু মিল চালু করা সম্ভব হবে। পুনরায় চালু হওয়া মিলে অবসায়নকৃত শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। একইসঙ্গে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ বছর যারা পুরস্কার প্রাপ্তরা হলেন, পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণার সেরা গবেষক হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম জাকির হোসেন, সের পাটবীজ উৎপাদনকারী চাষী কুষ্টিয়ার মোকারেমপুরের চাষী মো. সাহানুর আলম সান্টু, সেরা পাট উৎপাদনকারী চাষী হয়েছেন পাবনার সুজানগর উপজেলার দুর্গানগর গ্রামের চাষী মো. আব্দুর রাজ্জাক,পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল নীলফামারীর কামারপুকুরের রাণু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটজাত পণ্য রপ্তানিকার সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) ঢাকার উত্তরার রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল ঢাকার আকিজ জুট মিলস, পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ঢাকার করিম জুট স্পিনার্স লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান ঢাকার জনতা জুট মিলস লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ঢাকার ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি, বহুমুখী পাটজাত পণ্যের সেরা নারী উদ্যোক্তা ঢাকার মিরপুরের তরঙ্গের প্রধান নির্বাহী কোহিনূর ইয়াসমিন, বহুমুখী পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা সাভারের গোল্ডেন জুট প্রোডাক্টসের কর্ণধার মো. আব্দুল হাকিম।












