সারা দেশের যেকোনো জায়গা থেকে সড়কপথে ঢাকায় ৬-৭ ঘণ্টায় আসা যায়: ১০০ সড়ক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

0
22
মাননীয় প্রধানমন্ত্রী, ফাইলফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে রাজধানীতে তাঁর কার্যালয় থেকে সারা দেশের ৫০টি জেলায় ২০২১ দশমিক ৫৬ কিলোমিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করেছেন। ১০০টি সেতু উদ্বোধনের দেড় মাস পর প্রধানমন্ত্রী ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করলেন।

দেশের ৫০টি জেলায় তৈরি করা ১০০ মহাসড়ককে বিজয়ের মাসে দেশের মানুষের জন্য উপহার হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে- একথা মানুষ বিশ্বাস করবে কি না, সে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সরকার যোগাযোগব্যবস্থাকে সব সময় গুরুত্ব দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আর স্যান্ডেল হাতে নিয়ে চলতে হয় না। রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সব চলাচল করতে পারে। সারা দেশের যেকোনো জায়গায় থেকে সড়কপথে ঢাকায় ৬-৭ ঘণ্টায় আসা যায়।’ আধুনিক প্রযুক্তিতে সব ধরনের কাজ আমরা করে যাচ্ছি। স্থানীয়ভাবেও রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। পায়ে চলা পথগুলোও আমরা উন্নত করে দিচ্ছি।’

আওয়ামী সভাপতি বলেন, ‘যারা ৩০ বছর ক্ষমতায় ছিল, তারা কী করেছে আর আওয়ামী লীগ কী করেছে, আমি আশা করি দেশবাসী বিবেচনা করে দেখবেন। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের উন্নয়ন। গণমানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে, আমরা সেটা চেষ্টা করি। আমরা দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে চাই।’

দেশের উন্নয়নে ক্ষমতাসীনদের ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল থেকে উন্নত দেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। ই-গভর্ন্যান্স, ই-এডুকেশন অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রত্যেক ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এভাবেই আমরা পরিকল্পনা করেছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী চান।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের কল্যাণে কাজ করে। আমরা এটাই করে যাব। যারা বলে কিছু করিনি, তাদের প্রশ্ন করব ১০০ সড়ক এক দিনে, ১০০ সেতু এক দিনে উদ্বোধন আগে কেউ করেছে? করেনি।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রোজেক্টরের মাধ্যমে যুক্ত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY