আফগানিস্তান বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চ শিক্ষা নিষিদ্ধ

0
27

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রীর একটি চিঠিতে মঙ্গলবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, আফগান তালেবান শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করে একটি চিঠি ইস্যু করেছে।

এদিকে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চিঠিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তানের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অবিলম্বে নারী শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে তালেবানের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আফগানিস্তানের কট্টরপন্থি শাসকগোষ্ঠীকে পরিণাম ভোগেরও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন,  আফগানিস্তানে ইউনিভার্সিটি থেকে নারীদের নিষিদ্ধ করার এবং মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে ক্ষমতাসীন তালেবানের ‘অযৌক্তিক সিদ্ধান্তের’ যুক্তরাষ্ট্র কঠোরভাবে নিন্দা । একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিতর্কিত এই সিদ্ধান্ত আফগানিস্তানের কট্টরপন্থি শাসন ব্যবস্থার জন্য ‘পরিণাম’ বয়ে নিয়ে আসবে।

LEAVE A REPLY