
আজ রোববার দুপুরে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গঠনের পর গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন আওয়ামীলীগ সাভাপতি ও মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য গড়া, আর সেটাই আমরা কিন্তু করে যাচ্ছি এবং সেটা আমাদের করতে হবে। মানুষের আস্থা বিশ্বাস এটাই আমাদের বড় শক্তি। আমাদের আর কোনো শক্তি নাই। একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।
শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলের নতুন কমিটি নির্বাচন হয়। তাতে টানা দশমবারের মত সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। আর ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন। টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে এ সময় এ বক্তব্য দেন সরকারপ্রধান।তিনি বলেন, এই এতবার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়—এ জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে সেই ব্যবস্থা করতে হবে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, “সংগঠন বলতে সারা বাংলাদেশে… যদি সত্যি কথাটা বলা যায়, তবে আওয়ামী লীগই আছে, এটা ঠিক। আমরা তো মাটি মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন, আর বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী… একজন মিলিটারি শাসক, তার পকেট থেকে বের হওয়া। এরা ভাসমান, কাজেই এদের দায়-দায়িত্বটা জনগণের ওপর নেই। যদিও তারা দাবি করে অনেক বছর ক্ষমতায়। কিন্তু ক্ষমতায় থেকেই তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।”
অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।











