মেট্রোরেলে নেই হাফ ভাড়া, স্থায়ী কার্ডে ১০% ডিসকাউন্ট

0
40

মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই তবে স্থায়ী কার্ডে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে বলে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ মার্চ থেকে মেট্রোরেল সব স্টেশনে থামবে। তবে শুরুতে মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। মাঝখানে কোনো স্টেশনে থামবে না বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। এমডি আরও বলেন, অন্যান্য স্টেশনে মেট্রোরেল থামানোর জন্য তাঁদের সব প্রস্তুতি আছে। কিন্তু মানুষ অভ্যস্ত নয় বলে এখনই তাঁরা থামাচ্ছেন না। এই তিন মাস মানুষকে অভ্যস্ত করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকছে না। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারিত থাকলেও মেট্রোরেলে না থাকার কারণ জানান এমডি। তিনি বলেন, এমনিতেই যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেটা খরচের ৩৩ থেকে ৩৫ শতাংশ কম। এ ছাড়া যাঁরা স্থায়ী কার্ড কিনে যাতায়াত করবেন, তাঁদের জন্য ১০ শতাংশ ছাড় আছে। মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন। পঙ্গুদের জন্য ছাড় আছে। এসব কারণে শিক্ষার্থীদের জন্য আলাদা করে হাফ ভাড়ার ব্যবস্থা নেই।

LEAVE A REPLY