আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচির সুযোগ নিয়ে স্বার্থান্বেষী কোনো মহল নাশকতার চেষ্টা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ওইদিন রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট জোরদার করা হবে বলে জানান তিনি। একইভাবে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে র্যাব।
আজ বুধবার দুপুরে কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে এটাই স্বাভাবিক। সম্প্রতি দেখা গেছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র্যাব। সমাবেশকে কেন্দ্র করেও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর বেশ কয়েকটি দল সমাবেশের অনুমতি চেয়েছে। সমাবেশের অনুমতি দেওয়া ডিএমপির এখতিয়ারভুক্ত। সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজধানীসহ মহাসড়কগুলোতে পেট্রোলিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।












