আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান ইসিতে আপিল করতে পারবেন।
আপিল আবেদন জমা দেওয়া যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। আর আপিল আবেদন গ্রহণের জন্য নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ তৈরি করেছে ইসি। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে ইসি আপিল নিষ্পত্তি করবে।
বুথ পরিদর্শনে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে পারব, সবার সহযোগিতা নিয়ে।’
এবারের নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর ৩০০টি সংসদীয় আসনে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ হয়েছে ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ার পাশাপাশি বৈধ প্রার্থীদের বিরুদ্ধেও আপিল করার সুযোগ রয়েছে।
ইসি জানিয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী ৫ দিনের মধ্যে (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন বরাবর আপিল দায়ের করতে পারবে। আপিল আবেদন এক সেট মূল কাগজপত্র এবং ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।












