মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার দিনব্যাপী শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন ৫২ জনের আপিল গ্রহণ করা হয়েছে, ১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং তিনজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত তা চলে। এর আগে, ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।












