নিখোঁজ হওয়ার ২ দিন পর ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নয়নের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায়। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ।
সহপাঠীরা বলেন, নয়নের ইচ্ছে ছিল সার্জারি চিকিৎসক হওয়ার। কিন্তু ডান হাতের দুটি আঙুল যুক্ত থাকায় তিনি সার্জন হতে পারবেন না বলে জানান চিকিৎসকেরা। এ কথা শোনার পর বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন নয়ন।
নয়ন নিখোঁজ হওয়ার ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় নয়নের লাশ পাওয়া যায়।












