প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজের দাম বৃদ্ধির কারসাজির সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করা হচ্ছে। আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পেঁয়াজ হোল্ডিং করে দু’পয়সা কামাতে চায়, তাদের এটাও চিন্তা করতে হবে পেঁয়াজ তো পচে যাবে। মানুষকে এই কষ্ট দেওয়া কেন? কারা এর পেছনে আছে, সেটা আমাদের দেখতে হবে।’
প্রধানমন্ত্রী আরোও বলেন , সব দেশেই পেঁয়াজের দাম বেড়েছে। বিমান করে পেঁয়াজ আনা হচ্ছে। ইন্ডিয়াতেও পেঁয়াজের দাম অনেক বেশি। সেখানে ১০০ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। শুধু একটি স্টেটে একটু দাম কম। কারণ ওই স্টেটের পেঁয়াজ বাইরে যেতে দেওয়া হয় না।
শেখ হাসিনা বলেন, ‘যখন আমরা এগিয়ে যাই, তখন একটা ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সবাইকে অনুরোধ করবো, এই চেষ্টা যেন করা না হয়। এর পেছনের কারণ কী, তা খুঁজে বের করতে হবে।’
শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেছেন।












