আজ সোমবার নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়া এই ধর্মঘটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সকাল থেকে খুলনা ও কুষ্টিয়া থেকে বেশির ভাগ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কসহ আন্ত:জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহন শ্রমিকনেতারা নতুন আইনের কিছু সংশোধন দাবি জানিয়েছে। জেল ও বিশাল অংকের অর্থ জরিমানা নিয়ে আতংকে আছে পরিবহন ড্রাইভার , হেল্পারসহ সকল স্টাফরা। এমন আইনের ফলে পরিবহন শ্রমিকদের কোনভাবে বাস চালানোর বিষয়ে রাজি করানো যাচ্ছে না বলে জানায় পরিবহন শ্রমিকনেতা ও মালিকেরা।
উল্লেখ্য , গত ১ নভেম্বর কার্যকর করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮। নতুন আইনে জেলসহ বিশাল অংকের অর্থ জরিমানা বিধান রাখা হয়। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই সপ্তাহের জন্য নতুন আইন বাস্তবায়ন শিথিল করে। গত বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়। এরপর গতকাল রোবার (১৭ নভেম্বর) থেকে কাৰ্যকর হয় নতুন আইনটি।












