গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আবদুল্লাহ আল নোমান নামে ঐ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
গতকাল বুধবার রাত ১১টায় সোনাকুড়ের এক মেস থেকে নোমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়।
নোমান বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
মেসে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা জানান, রাত ১০টার দিকে তারা নোমানের রুম থেকে পানি বের হতে দেখলে দরজা ভেঙে রুমে প্রবেশ করে। পরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রকটর, ছাত্র উপদেষ্টা এবং অন্য শিক্ষকরা পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে নোমানের মৃতদেহ উদ্ধার করেন।












