স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (স্নাতক) শিক্ষার্থী রুবাইয়াত শারমিনের (২০) মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন সহপাঠীরা। আজ শনিবার সুষ্ঠু তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ও ধানমন্ডি ক্যাম্পাসের সামনে অবস্থান নেবেন তারা । এর আগে গতকাল সকালে সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর সহপাঠীরা।
এই দিকে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এটি আত্মহত্যা, না হত্যা সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেন নি। তবে পুলিশের সূত্রে জানা যায় শারমিন খুন হয়েছেন, সেটি ধরেই তদন্ত হচ্ছে। তাঁর মুঠোফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে। কিন্তু কে বা কারা, কীভাবে এবং কোন কারণে তাঁকে হত্যা করেছে বা করে থাকতে পারে, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
উলেখ্য, গত বুধবার রাতে সিদ্ধেশ্বরী এলাকার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি পাওয়া গেছে তিনটি ভবনের মাঝখানে। বুধবার রাত প্রায় ১০টার দিকে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনে আশপাশের ভবনের লোকজন প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে সেখান থেকে থানায় বিষয়টি জানানো হয়।
পরদিন রাতে স্বজনেরা রমনা থানায় লাশের ছবি দেখে শারমিনের পরিচয় শনাক্ত করেন। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তাঁর বাবা রোকনউদ্দিন হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়ির পরিদর্শক।
এদিকে গতকাল ভোরে শারমিনের লাশ ময়মনসিংহ সদর উপজেলার বিজয়নগরে গ্রামের বাড়িতে পৌঁছায়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।












