রাজধানীর ফকিরাপুল মোড়ে এক পথশিশুর গায়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন দেয়ার দেওয়ার অভিযোগ উঠেছে রিকশা চালকের বিরুদ্ধে। এতে তার শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। ওই শিশুকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। দগ্ধ শিশুটির নাম সেলিম (১২)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে পোড়া শিশুটিকে বিকাল সাড়ে ৪টার পর একজন লোক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কী কারণে কোন ব্যক্তি শিশুটির গায়ে আগুন দিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও জানতে পারেনি পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আগুনে পোড়া শিশুটি জানিয়েছে– অজ্ঞাতপরিচয় এক রিকশাওয়ালা তার গায়ে আগুন দিয়েছে। ম্যাচের কাঠি দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এর সত্যতা যাচাই করার জন্য কমলাপুর ও ফকিরাপুল এলাকার প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।












