চোরাচালান, মাদকপাচার, নারী-শিশু পাচার, অনুপ্রবেশ প্রতিরোধে সতর্ক ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বুধবার সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। এ বাহিনীর সদস্যরা শুধু সীমান্ত রক্ষা নয়, তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এবং দেশের প্রয়োজনে যেকোনো সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিজিবির উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া– আপনারা দেশকে ভালোবেসে, দেশের মানুষের প্রতি কর্তব্য করবেন। দেশ যদি উন্নত হয় আপনাদের পরিবার-পরিজন তারাই উন্নত হবে। এ দেশের মানুষ উন্নত হবে। এ কথা সবসময় মনে রাখবেন।
এই সময় বীরত্ব ও সাহসিকতায় অবদান রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ সাহসী সদস্যকে পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপনে বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টার দিকে পিলখানায় উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি।












