ভারতের উত্তর প্রদেশের কানৌজ জেলায় যাত্রীবাহী ডাবলডেকার স্লিপার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
জানা যায় , গতকাল শুক্রবার রাতে দিল্লি-কানপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাস-ট্রাক দু’টিতেই আগুন ধরে যায়। ট্রাকটিতে দাহ্য পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।
কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল জানান, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২১ জনকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এদিকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে মৃতদের পরিবারের জন্য ইতোমধ্যেই ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি আহতদের প্রত্যেকে ৫০ হাজার রুপি করে দেয়া হবে বলে জানানো হয়েছে।












