করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা (আগমনী ভিসা) দেয়া সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ রোববার সকালে তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাদের অনেকে এখানে কাজ করেন। তাদের দূতকে বলেছি অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখছি। একমাসের জন্য আসা বন্ধ। এটা সাময়িক। তারা মেনে নিয়েছেন। তবে ভিসা নিয়ে আসতে পারবেন, এজন্য হেলথ সার্টিফিকেট লাগবে।
আবদুল মোমেন বলেন, যদি বাংলাদেশে আসার প্রয়োজন হয়ে পড়ে সে ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসার আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, ১ ফেব্রুয়ারি চীন থেকে যে বাংলাদেশিদের ফেরত আনা হয়েছে, তাদের মধ্যে অসুস্থ অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের নিয়মিত দেখভাল করছেন চিকিৎসকরা।












