দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে আরও রয়েছে- খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে পোস্টার ছাপানো ও প্রদর্শন, লিফলেট বিতরণ, শুক্রবার জুমার নামাজে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি বন্দী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে সরকার দুই বছর সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রেখেছে। তাঁর মুক্তির দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিএনপি মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, অসুস্থ অবস্থায় কারাগারে রেখে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদার স্বাস্থ্যের কোনো অবনতির জন্য বর্তমান সরকারকে সব দায়দায়িত্ব গ্রহণ করতে হবে এবং জনগণের সামনে তাদের একদিন আদালতে দাঁড়াতে হবে।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব শনিবারের বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি জোরদার করতে দলের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।












