দিল্লিতে সহিংসতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ

0
168
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের ওপর নিপীড়ন, হত্যা ও হামলার প্রতিবাদে গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। এই সময় বিক্ষোভকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদ জানান।

ঢাকায় শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে সমমনা ইসলামী দলগুলো এ কর্মসূচি পালন করে।

সমাবেশে সভাপতির বক্তব্যে জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে কোনো নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ পোড়ানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চলছে। অনতিবিলম্বে এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করা হোক।

অন্তত কয়েক হাজার মুসল্লি সমাবেশে যোগ দেন। সমাবেশে নরেন্দ্র মোদিবিরোধী নানা প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল।

জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলোকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নূর হোসাইন কাসেমী বলেন, আমাদের দেশ সম্প্রীতির দেশ। এখানে হিন্দু ও মুসলমানরা শান্তিতে বসবাস করেন। কেউ কারও ওপর আক্রমণ করেন না। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি।

সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাদের দেশে মোদি এলে সম্প্রীতি নষ্ট হবে। তাই মোদিকে এ দেশে আসতে দেয়া হবে না। সমাবেশে বিভিন্ন ইসলামী দলের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, ভারতে মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে।

এদিকে একই সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ঢাকা মহানগর শাখা।

LEAVE A REPLY