করোনা ভাইরাসের আতঙ্ক বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির উপস্থিতি জানান দেওয়ার পরই দাম বেড়ে গেছে জীবাণু প্রতিরোধী পণ্যসমূহের। কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে বিক্রি করছে। এ প্রেক্ষিতে স্যানিটাইজার জাতীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
গতকাল প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। করোনাকে কেন্দ্র করে মাস্কসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মূল্য নিয়ে কেউ যাতে অনৈতিক ব্যবসা করতে না পারে, সেজন্য প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে মনিটর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর পরই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ করার তথ্য জানানো হয়।
সাতটি কোম্পানির কথা উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন হচ্ছে। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া একজন ব্যক্তির কাছে একাধিক হ্যান্ড স্যানিটাইজ বিক্রি না করার জন্যও বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যান্ডিরাব সল্যুশন ৫০ মিলিলিটার ৪০ টাকায়, ১০০ মিলিলিটার ৫২ টাকায় এবং ২০০ মিলিলিটার বিক্রি করবে ১০০ টাকায়।
মেসার্স অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাট্রিজ লিমিটেড (এসিআই) হেক্সাসল হ্যান্ড রাব (ডিসপেনসারসহ) ৫০০ মিলিলিটার ২১৫ টাকা ৬৫ পয়সায় এবং ২৫০ মিলিমিটার বিক্রি করবে ১৪০ টাকা ৪২ পয়সায়। হেক্সাসল হ্যান্ড রাব ২৫০ মিলি (বোতল) বিক্রি করবে ১৩০ টাকা ৩৯ পয়সায়, ৫০০ মিলির বোতল বিক্রি করবে ১৯৬ টাকা ৩৩ পয়সায়, ৫০ মিলির বোতল বিক্রি করবে ৪০ টাকা ১২ পয়সা। ক্লিনজেল হ্যান্ড স্যানিটাইজার ১০ মিলি বিক্রি করবে ১০ টাকা ও ৫০ মিলি বিক্রি করবে ১০০ টাকায়।
মেসার্স ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্যানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলি বিক্রি করবে ৩০০ টাকায়, স্যানিককর্ড জেল ছয় গ্রামের টিউব বিক্রি করবে ৫০ টাকায়, স্যানিটাইজার হ্যান্ড রাব ২৫০ মিলি বিক্রি করবে ১৩০ টাকায়, ৫০ মিলি বিক্রি করবে ৪০ টাকায়।
মেসার্স জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যান্ডিওয়াশ সলিউশন ৫০ মিলির বোতল বিক্রি করবে ৪০ টাকায় আর ২৫০ মিলির বোতল বিক্রি করবে ১৩০ টাকায়।
মেসার্স গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যান্ডস্কাব ২৫০ মিলি বিক্রি করবে ২৫০ টাকায়, হ্যান্ডিসোল ২৫০ মিলি বিক্রি করবে ১৩০ টাকায়, ১২৫ মিলি বিক্রি করবে ৭০ টাকায় ও ৫০ মিলি বিক্রি করবে ৪০ টাকায়।
মেসার্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জারমিসল হ্যান্ড রাব (পাম্প ও ডিসপেনসারসহ) ২০০ মিলিলিটার বোতল বিক্রি করবে ১৪০ টাকা ৪২ পয়সা, জারমিসল হ্যান্ড রাব (ওয়াসারসহ) ২০০ মিলির বোতল বিক্রি করবে ১৩০ টাকা ৩৯ পয়সায় ও জারমিসল হ্যান্ড রাব ৫০ মিলির বোতল বিক্রি করবে ৪০ টাকায়।
মেসার্স অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কেভিরাব হ্যান্ড রাব ৫০ মিলির বোতল বিক্রি করবে ৪০ টাকায়, ২৫০ মিলির বোতল ১০৫ টাকা ৭২ পয়সায় ও ৫০ মিলির বোতল ৩১ টাকা ২২ পয়সায়।












