যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যাঃ পিটিয়ে মারার আলামত

0
298

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোরের মৃত্যুর ঘটনা কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে নয়, কর্মচারীদের মারধরে বলে ধারণা পুলিশের। একই অভিযোগ এ ঘটনায় আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদেরও।

বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রের সহকারী পরিচালকসহ ১০ জনেকে হেফাজতে নিয়েছে পুলিশ। সমাজসেবা অধিদপ্তর এ ঘটনার তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। এ ছাড়া তিন কিশোর হত্যার ঘটনায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন নিহত একজনের বাবা।

শুক্রবার সকাল থেকে হতাহতের অভিভাবকসহ শিশু উন্নয়ন কেন্দ্রে অবস্থানকারীদের অভিভাবকরা কেন্দ্রের সামনে ও যশোর জেনারেল হাসপাতালে ভিড় করেন। তারা অভিযোগ করেন তাদের ঠিকমত খাবার দেয়া হতোনা, প্রতিবাদ করলেই মারধর করা হতো বলে কিশোররা তাদের জানাতেন।

ঘটনাস্থল পরিদর্শনে এসে বৃহস্পতিবার রাতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বলেন, সরকারি একটি প্রতিষ্ঠানে মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা যারা অপরাধ নিয়ে কাজ করি, তারা ঘটনার প্রায় ছয় ঘণ্টা পরে বিষয়টি অবহিত হয়েছি। যে কারণে মূল ঘটনা জানা জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তারাই এই ঘটনার মূল সাক্ষি। মৃত্যুপথযাত্রী কেউই মিথ্যা কথা বলে না। তাদের কথার সত্যতা ও যৌক্তিকতা রয়েছে। আমাদের অনুসন্ধানে তাদের বিষয় গুরুত্ব পাবে। সবশেষ আমি বলতে চাই, বৃহস্পতিবারের ঘটনা একপক্ষীয়।

শুক্রবার সকালে যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিশু উন্নয়ন কেন্দ্রের ১০ জনকে হেফাজতে নেয়া হয়েছে।

তাদের মধ্যে কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, প্রবেশন অফিসার মুশফিক আহমেদ ও প্রধান নিরাপত্তাকর্মী নুর ইসলাম রয়েছেন। এদিকে কেন্দ্রের তত্ত্বাবধায়ক মাসুদ কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

LEAVE A REPLY