বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস। এবছর তালিকায় ৩৯তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে তারা।
দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার পরে ৪১ তম অবস্থানে আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।নির্মলা সীতারমন ভারতের প্রথম নারী অর্থমন্ত্রী।
তাদের মতে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে চলছেন। ফোর্বস লিখেছে, এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে।
এবারেও ফোর্বসের তালিকায় শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি ১০ বছর ধরে সবচেয়ে প্রভাবশালী নারীর অবস্থানটি ধরে রেখেছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে, তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চতুর্থ অবস্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন, আর পঞ্চম স্থানে আছেন মেলিন্ডা গেটস, ষষ্ঠ অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রধান নির্বাহী মেরি বারা, সপ্তম স্থানে আছেন গতবারের তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি।
এবারের তালিকায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের অবস্থান ৩২তম ও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অবস্থান ৪৬তম।












