১ আগস্ট রোববার থেকে রপ্তানীমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় কঠোর লকডাউনের মাঝেও কর্মস্থলে ফিরতে শুরু করেছে পোশাকশিল্পের কর্মীরা। বিভিন্ন ধরনের যানবাহনে গাদাগাদি করে ফিরার কারনে অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ফেরী ঘাটগুলোয় বেড়েছে ঢাকায় ফেরাদের ভীর। বিভিন্ন ধরনের যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কেও। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে ঢাকামুখী মানুষের ভিড়। শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত ওই মহাসড়কে ট্রাক, পিকআপ ও অ্যাম্বুলেন্সে যাত্রী চলাচল করতে দেখা গেছে। রাতেও যাত্রী পরিবহন অব্যাহত ছিল।
যদিও ঈদে গ্রামে যাওয়া শ্রমিকদের এখনই কর্মস্থলে ফিরে না আসার জন্য অনুরোধ জানিয়েছে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। কিন্তু প্রথম দিনেই কাজে যোগ দিতে মরিয়া তারা। তাদের মতে একদিকে চাকরি হারানোর ভয় অন্যদিকে সংসার চালানোর টাকা হাতে না থাকায় তাদের এই অস্থিরতা।












