আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশে করোনার টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান। ডিবিসি টিভি।
দেশে শনিবার পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন। এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৫ লাখ ৮০ হাজার টিকা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ১৬১ জন, আর নারী ১ কোটি ৬ লাখ ১৬ হাজার ৪৩৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ লাখ ১৬ হাজার ৮০৪ জন, আর নারী ৬৮ লাখ ১৭ হাজার ১৬৭ জন। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৬০৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৬৯ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৬৪ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫০ লাখ ২ হাজার ৯৩১ ডোজ।












