প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তার দেওয়া সেই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তিনি বলেছেন,‘ ভালো থাকুক, আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।’ মঙ্গলবার সকালে ক্ষমা চেয়ে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। তার বিতর্কিত বক্তব্যের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আলাল।
মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি করা হয়েছে। সংগত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই।
তিনি বলেন, আমার কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভুতিতে, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক, আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন। এদিন সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।












