গত সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং আবদুল্লাহ পার্কে আয়োজিত একটি লাইভ শো চলাকালীন অংশ নেয়া তিনজনকে ছুরিকাঘাত আহত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স। ঘটনায় ইয়েমেনের ৩৩ বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল আছে। তবে ভুক্তভোগী কোন দেশের নাগরিক বা হামলার উদ্দেশ্যে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
সৌদি আরব গত কয়েক দশকের কট্টর রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কিছু বৈপ্লবিক সংস্কার কার্যক্রমের মধ্যে আছে কনসার্ট, সিনেমা পুনরায় চালু এবং নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া। বৈপ্লবিক সংস্কার কার্যক্রমের শুরু হওয়ার পর প্রথমবারের মতো এই ধরনের ঘটনা ঘটলো।
সৌদি আরবের তেল নির্ভরতা কমাতে দেশটিতে পর্যটনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এই লক্ষ্যে চলমান দুই মাসের সাংস্কৃতিক কর্মসূচি ‘রিয়াদ সিজন’ এর বেশির ভাগই কিং আবদুল্লাহ পার্কে আয়োজিত হচ্ছে।












