সড়ক আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি নয় , অসঙ্গতি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান : কাদের

0
199
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক আইন প্রয়োগে অহেতুক বাড়বাড়ি হবে না। বাড়াবাড়িটা না হলে সমস্যা হবে না। নতুন আইনে অসঙ্গতি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

আজ বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দলের জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির এক সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন ,পরিবহন ধর্মঘট আর নেই। তাই যান চলাচলে বিঘ্ন ঘটার কোনো কারণ নেই। বাস্তব পরিস্থিতির আলোকে আমরা বিধিমালা প্রণয়ন করেছি। আইন প্রয়োগ করতে গিয়ে যদি কোনো কিছু অসংগত মনে হয়, তাহলে সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। পরিস্থিতি এখন আর অস্বাভাবিক হওয়ার কোনো কারণ নেই। সবকিছুই আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সমাধান হয়েছে। কাভার্ডভ্যান অলরেডি চলাচল শুরু করে দিয়েছে।

বিএনপির প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির কারণে নাজুক অবস্থায় নিপতিত। এখন নেতা-কর্মীদের চাঙা রাখার জন্য তাদের অনেক মিথ্যাচার করতে হয়। সরকারবিরোধী কথাবার্তা বলতে হয়। এ সব বলার জন্যই বলছে। বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন , সম্মেলনে সাংস্কৃতিক আয়োজন বেশি সময়ের জন্য করা হবে না। সম্মেলনের চেয়ে মুজিববর্ষের আয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।

LEAVE A REPLY