বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত বিএ পরীক্ষায় জালিয়াতির কারণে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকে তাঁকে অপসারণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগানবাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বলেন, তামান্না নুসরাত বুবলী বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দেশ ও বিদেশে সংবাদের শিরোনাম হয়েছে। এতে বাংলাদেশের ও আওয়ামী লীগের সুনাম চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। সেজন্য তার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়েছে।
পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ন করায় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর সংসদ সদস্যের বিষয়ে সেটা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন।
প্রসঙ্গত, তামান্না নুসরাত সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গুলিতে নিহত হন।
একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী, বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি বাউবির বিএ কোর্সে ভর্তি হন। তিনি ঢাকায় থাকলেও তাঁর হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। ওই পরীক্ষায় আটজন ছাত্রী এই নারী সাংসদের হয়ে পরীক্ষা দিয়েছেন। বিষয়টি উঠে আসে গণমাধ্যমের খবরে। এই ঘটনায় বুবলীকে সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ।












