প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন , ‘বাংলাদেশের চলার পথে উন্নয়নের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে আমি ছাড়বো না। সে যেই হোক না কেন, সে কোনো সহানুভূতি পাবে না। সন্ত্রাস, দুর্নীতি, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।’
আজ শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি।
দুর্নীতি করলে সম্মান পাওয়া যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি করে কেউ টাকা বানাতে পারে, এই টাকা দিয়ে জৌলুস করতে পারে, চাকচিক্য বাড়াতে পারে, আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পরতে পারে। কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না। মানুষ হয়তো অবাক হয়ে তাদের দিকে তাকাতে পারে। কিন্তু মর্যাদা পাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তবতা।’
তিনি বলেন ‘কতটুকু পেলাম, কী পেলাম না এটা নয়, কতটুকু কাজ করতে পারলাম সেটাই হবে রাজনীতিবিদের চিন্তা। এই চিন্তা মাথায় রেখে যারা রাজনীতি করে তারাই সফল হবে’
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন , যুবলীগ এদেশে রাজনৈতিকভাবে অনেক অবদান রেখেছে। প্রত্যেকটা আন্দোলনে এই সংগঠন ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধে এই যুবকরাই তো বুকের রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে। তবে যুবকরা যেন দেশের কল্যাণে কাজ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চাঁদার হিসাব না করে জনকল্যাণে কাজ করতে হবে।
সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সারা দেশ থেকে যুবলীগের হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনে অংশ নিয়েছেন। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে আশপাশের এলাকা।
সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলা থেকে ২৮ হাজারেরও বেশি কাউন্সিলর যুবলীগের এই ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন।












