যুবসমাজকে ‘আই হেটস পলিটিক্স’ থেকে বের করে আনতে চেষ্টা করবে বলে জানিয়েছেন যুবলীগের নবনির্বাচিত সভাপতি শেখ ফজলে শামস পরশ।
গতকাল শনিবার বিকেলে যুবলীগের সপ্তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
যুবলীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুনীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের ডাক দিয়েছেন- আমি তাকে দ্বিতীয় বিপ্লব হিসেবে দেখি। এই কর্মসূচি সফল করার জন্য কাজ করব। আমার চেষ্টা থাকবে, যুবসমাজ ‘আই হেটস পলিটিক্স’ থেকে বেরিয়ে এসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে কাজ করবে।
পরশ বলেন, সম্পূর্ণ সততার সাথে আমি দায়িত্ব পালন করবো। আপনারা কর্মী নয়, শক্তি হবেন আমার। যুবলীগের কর্মীদের দায়িত্ব, বঙ্গবন্ধু কন্যার দায়িত্ব পালনে আমরা সহযোগিতা করবো। যুবসমাজ যেন হেট পলিটিক্স কালচার থেকে বেড়িয়ে এসে জয় বাংলার কর্মী হিসেবে কাজ করে সেভাবেই কাজ করে যাবো।
তিনি আরও বলেন , আমার বাবা মনি বঙ্গবন্ধুর, মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই সংগঠন করেছিলেন। স্বাধীনতার পর পর দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল, তা প্রতিহত করার জন্যই এই সংগঠন কাজ করছে।
উল্লেখ্য , শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে। ক্যাসিনোকাণ্ডে বিদায় নেয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী হলেন পরশের ফুপা। পরশের ভাই শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের সংসদ সদস্য। তাদের চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য












