আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করা হয়েছে মোসলেম উদ্দিন আহমেদকে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মোসেলম উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদল জোটের মনোনয়ন পেয়েছিলেন। এবার উপনির্বাচনে আওয়ামী লীগ শরিকদের আসনটি ছাড়েনি।












