দেশে চলমান পেঁয়াজ সংকটের জন্য ভারতকে আবারও দায়ী করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ভারত আগে না জানিয়ে হঠাৎ্ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। তবে আমরা যে শিক্ষা পেলাম ভবিষ্যতে আর কখনও এ রকম সংকট হবে না।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রংপুরের কাউনিয়ায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
পেঁয়াজের দাম শিগগিরই কমে আসবে বলে আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আর পেঁয়াজ সংকটে পড়তে হবে না। ইতিমধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে, কাজেই কিছু দিনের মধ্যেই এর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ও কৃষিমন্ত্রীকে বলেছেন, যে কোনভাবেই হোক চাহিদার তুলনায় বেশি পিঁয়াজ উৎপাদন করতে হবে।’
‘মিশর থেকে বিমানে পেঁয়াজ আমদানি করা হয়েছে। সে কারণে দেশের বড়ো বড়ো আমদানিকারক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ পেঁয়াজ আমদানির ব্যবস্থা নেয়। আমরা জনগণের অসুবিধার কথা চিন্তা করে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে ৪৫ টাকা দরে বিক্রি করছি’ বলেও জানান তিনি ।












