বাদ হচ্ছে আ’লীগের সহসম্পাদক পদ

0
204

বাদ হতে যাচ্ছে আওয়ামী লীগে সহসম্পাদক পদ। সহসম্পাদক পদে নিয়োগে গঠনতন্ত্র অনুসরণের চর্চা না থাকায় এ পদগুলো এখন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জন্য ‘গলার কাঁটায়’ পরিণত হয়েছে। বঞ্চিত নেতাদের কমিটিতে ঢোকার পথ করে দেওয়া ছাড়া এই পদগুলোর এখন আর খুব একটা কার্যকারিতা নেই। এই পদটিতে অসংখ্য নেতাকে অন্তর্ভুক্ত করার রেওয়াজ বহুদিনের। এবারের সম্মেলন থেকে এ পদটি বিলুপ্ত হচ্ছে উপমহাদেশের এই প্রাচীন দলের সংবিধান থেকে।

সহসম্পাদক পদ বাদ দিয়ে নেতৃত্বের যোগ্য ও ক্লিন ইমেজের তরুণ নেতাদের অন্তর্ভুক্ত করা হবে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে। কমিটির সম্পাদকীয় ও সদস্য পদে তাদের স্থান করে দেয়া হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সমাপনী বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বর্তমান কেন্দ্রীয় কমিটির সমাপনী বৈঠকে নির্বাচন কমিশন গঠন, দলের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাব অনুমোদনসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর দলের কার্যনির্বাহী সংসদ নেতাদের সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি।

সভায় আলোচিত সহসম্পাদক পদ বাতিলের খসড়া অনুমোদন করা হয়েছে। শনিবার কাউন্সিল অধিবেশনে তা উত্থাপন করা হবে। সেখানে কাউন্সিলরদের কণ্ঠভোটে পাস হলে পদটি গঠনতন্ত্র থেকে বাতিল হয়ে যাবে।

LEAVE A REPLY