ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতের কিছু সময় আগে ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অনেক যাত্রী ছিল।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, যাত্রী বোঝাই বাসটি ৫০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে যায়। গড়াতে গড়াতে যাত্রী বোঝাই বাস নদীতে গিয়ে থামে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে কংক্রিটের রোড ব্যারিয়রে ধাক্কা মারে। তারপর খাদে গড়িয়ে পড়ে। তারা মনে করছেন এখনও অনেকে ওই দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে আটকে রয়েছে।












