২০৩০ সালে ঢাকা শহরে যানচলাচলের চিত্র বদলে যাবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা ম্যাস ট্রানজিট এর মতো আধুনিক ব্যবস্থা ঢাকার যানযট কমাবে এবং ঢাকার পুরো যোগাযোগ ব্যবস্থা বদলে দিতে সহায়তা করবে। ডিজিটাল পদ্ধতি যারা পছন্দ করছেন না তারা প্রযুক্তিগত ভাবে পিছিয়ে আছেন।
আজ বুধবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে দেশের প্রথম উড়াল মেট্রোরেল এর ওভারহেড ক্যাটেনারি সিস্টেম এবং রেললাইন স্থাপন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে। এসব এমআরটি লাইন চালু হলে ঢাকা শহরে অনিন্দ্য সুন্দর দৃশ্যপট তৈরি হবে।
ওবায়দুল কাদের বলেন, এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। বাইরে থেকে বোঝা যায় না। ইতিমধ্যে সাড়ে আট কিলোমিটার দৃশ্যমান হয়ে গেছে। মোট ৫২টি স্থাপনা এই ডিপোতেই দৃশ্যমান। প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৪০ শতাংশ। ৮ দশমিক ৫ কিলোমিটার মেট্রোরেল এখন দৃশ্যমান হয়েছে।
আজকের অনুষ্ঠানে সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড দেশের প্রথম এই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০ দশমিক ১০ কিলোমিটার এই মেট্রোরেল মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।












